দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক হাকিম আলী (৫০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৭-৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে গৃহকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় চার লাখ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় গৃহকর্তা হাকিম আলী রাজিবকে আটক করার চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে হাকিম আলীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধস্তাধস্তির সময় হাকিম আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির পরিবর্তে চুরির ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
এমএস/